দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এক ব্যক্তির মৎস্য খামার থেকে জোরপূর্বক মাটি কেটে বিক্রির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
শনিবার (৪ এপ্রিল) এ অভিযোগের বিষয়টি নিশ্চিত হয়েছে। ভুক্তভোগী মো. দেলোয়ার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, উপজেলার সুখিয়া ইউনিয়নের ছয়চির গ্রামের দেলোয়ার হোসেনের মালিকানাধীন একটি মৎস্য খামার থেকে তার অনুপস্থিতির সুযোগে গত ১ এপ্রিল সকালে স্থানীয় বিএনপি নেতা মনিরুল ইসলাম শামীম, যুবদল নেতা মুরসালিন ইসলাম রনিসহ কয়েকজন ভেকু দিয়ে মাটি কেটে তা একটি ইটভাটায় বিক্রি করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ভুক্তভোগীকে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম করে আসছেন। ফসলি জমি দখল, মাটি বিক্রি ও অবৈধভাবে ফিশারি খননের মতো কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এতে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়াসহ জনদুর্ভোগ বাড়ছে বলে জানান এলাকাবাসী।
ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, ‘এটি আমাদের পৈতৃক সম্পত্তি। কোনো অনুমতি ছাড়াই মাটি কেটে নেওয়া হচ্ছে। এমনকি খামারের পাড়ে থাকা গাছও কেটে নেওয়া হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা মনিরুল ইসলাম শামীম। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। জমিটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। অন্যদের অনুরোধে শুধু যন্ত্র সহায়তা দেওয়া হয়েছে।’
এদিকে যুবদল নেতা মুরসালিন ইসলাম রনি দাবি করেন, তিনি বৈধভাবে ফিশারিটি ইজারা নিয়েছেন এবং পাড় সংস্কারের কাজ করছিলেন।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/